অমিত শাহকে ৫০ হাজার চিঠি আদিবাসী সমাজের
দি নিউজ লায়ন ; ভগবান বিরসাকে অপমান করেছেন আপনাকে ক্ষমা চাইতে হবে- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া ভাষায় খোলা চিঠি দিল আদিবাসী সমাজ। চিঠিতে বলা হয়েছে, 'গত ৫ নভেম্বর আপনি বাঁকুড়ায় এসে যে মূর্তিকে বিরসা মুন্ডার মূর্তি বলে শ্রদ্ধা জানিয়েছিলেন তা আসলে বিরসা মুন্ডার মূর্তি নয়। আমাদের ভগবান বিরসা মুন্ডাকে আপনি অপমান করেছেন। এজন্য আপনাকে ক্ষমা চাইতে হবে।'
দেশের স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহকে চিঠি লিখছেন বাঁকুড়ার আদিবাসীরা। এই বয়ানে এক আধটি চিঠি নয় বাঁকুড়ার আদিবাসী সমাজের আবাল বৃদ্ধ বনিতার একটা বড় অংশ প্রায় পঞ্চাশ হাজার এমন চিঠি পাঠাতে উদ্যোগী হয়েছে। পোস্টকার্ডে নির্দিষ্ট ওই বয়ানে ইতিমধ্যেই চিঠি লেখার কাজ শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। আদিবাসী সমাজের একটা বড় অংশ এভাবে প্রতিবাদে সামিল হওয়ায় স্বাভাবিক ভাবেই ব্যাপক অস্বস্তির মুখে পড়েছে বাঁকুড়ার গেরুয়া শিবির।
প্রসঙ্গত, গত ৫ নভেম্বর বাঁকুড়ায় পৌঁছে পুয়াবাগান মোড়ে রাস্তার মাঝে থাকা একটি মূর্তিকে বিরসা মুন্ডার মূর্তি মনে করে শ্রদ্ধা জানান দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। পুয়াবাগানের ওই মূর্তি প্রতীকী মূর্তি দাবি করে আদিবাসী সমাজের একাংশ। অমিত শাহ ও বিজেপির এই কান্ডজ্ঞানহীনতার বিরুদ্ধে আন্দোলনে নামার হুমকিও দেয় আদিবাসী সমাজের ওই অংশ। এদিন অমিত শাহকে চিঠি লেখার পিছনে আদিবাসীদের সেই ক্ষোভই কাজ করছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
এদিন বাঁকুড়ার নবজীবনপুর গ্রামে নিজেদের বাড়ির দাওয়ায় বসে অমিত শাহকে চিঠি লেখার ফাঁকে স্থানীয় আদিবাসী বাসিন্দা শীলাবতী হাঁসদা, নীলমনি মুর্মু, ঈশ্বরচন্দ্র মুর্মু রা বলেন, বিরসা মুন্ডা তাঁর আত্মত্যাগের জন্য আমাদের কাছে তিনি ভগবান। অমিত শাহ মডেল মূর্তিকে ভগবান বিরসা রূপে শ্রদ্ধা জানিয়ে আমাদের ভগবানের আবেগে আঘাত করেছেন। এজন্য তাঁকে ক্ষমা চাইতে হবে। আমরা সেই আবেদন জানিয়েই চিঠি দিচ্ছি।
আদিবাসীদের এই প্রতিবাদকে সমর্থন জানিয়েছে তৃনমূল। তৃনমূলের বাঁকুড়া জেলা সভাপতি তথা রাজ্যের পঞ্চায়েত দফতরের রাষ্ট্র মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, বিজেপি নেতারা যাতে আমাদের ভগবান বিরসাকে চিনতে পারেন তার জন্য আদিবাসী সমাজ পুয়াবাগান এলাকায় বিরসা মুন্ডার প্রায় ৪০ ফুট উচ্চতার মূর্তি বসানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি অমিত শাহকে পঞ্চাশ হাজার চিঠি পাঠিয়ে ক্ষমা চাওয়ার আবেদন জানাচ্ছে। দুক্ষেত্রেই আমাদের পূর্ণ সমর্থন রয়েছে

Post a Comment